
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ১০ দশমিক ৫০ শতাংশ জমি জবরদখলের চেষ্টার অভিযোগে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মোছাঃ মাজেদা নামে এক নারী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন অভিযোগকারী।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুরের বরমী মৌজায় এসএ-১৯৪ ও আরএস-৫ নম্বর খতিয়ানের এসএ-৪৪, ৪৫ এবং আরএস-১৩০, ১২৭ ও ১২২ নম্বর দাগে ১০ দশমিক ৫০ শতাংশ জমির মালিকানা দাবি করেন মোছাঃ মাজেদা। গত ৩০ জুলাই ২০২৬ তারিখে সম্পাদিত ৭২৩০ নম্বর রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তিনি ওই জমির মালিকানা লাভ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ওই জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে—এমন অভিযোগে মাজেদা বাদী হয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা নং-৫৫২/২০২৬ দায়ের করেন। মামলার পর আদালত থেকে সংশ্লিষ্টদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নোটিশ দেওয়া হয়।
অভিযোগকারীর দাবি, আদালতের নোটিশ পাওয়ার পরও বিবাদীরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। এর ধারাবাহিকতায় গত ২১ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৭টার দিকে মোঃ জামান প্রধান, মোঃ নজরুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ মিন্টু, মোঃ অপি প্রধান, মোঃ হিরা, মোঃ আশরাফুল ও মোঃ মোকারমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার মালিকানাধীন জমিতে প্রবেশ করে জবরদখলের চেষ্টা করেন। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের প্রতিহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মাজেদা অভিযোগ করেন, ঘটনাস্থলে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আরও লোকজন নিয়ে এসে জমি জোরপূর্বক দখল করে নেওয়া এবং বাধা দিলে খুন-জখমসহ দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে অভিযোগে নাম থাকা ব্যক্তিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, ‘আমরা এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়।’
এ ঘটনায় এলাকায় যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন অভিযোগকারী। তিনি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে জমির মালিকানা ও দখল নিয়ে উভয় পক্ষের দাবির সত্যতা এবং অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।বলে জানিয়েছেন শ্রীপুর থানা পুলিশ