
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা ও হত্যাচেষ্টার ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার ৭ নভেম্বর বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC) কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন সত্য প্রকাশের দায়ে সাংবাদিকদের হয়রানি ও মিথ্যা মামলার মাধ্যমে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। তারা আরও বলেন এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত এবং স্বাধীন সাংবাদিকতার গলায় ছুরি চালানোর সামিল।
বক্তারা অভিযোগ করেন গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম সরকার ও দপ্তর সম্পাদক ফরহাদ আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো তদন্ত ছাড়াই সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করা সাংবাদিক সমাজের জন্য গভীর হুমকি বলেও তারা মন্তব্য করেন।
গত ৩০ অক্টোবর গাজীপুরের শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে জনৈক শাহাবুদ্দিনের জমি রেজিস্ট্রি সংক্রান্ত ঘটনায় সংবাদ সংগ্রহে গেলে কিছু প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে ওই তিন সাংবাদিককে জড়িয়ে দেয়। পরে শাহাবুদ্দিনের মেয়ে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন যার মধ্যে ওই সাংবাদিকদের নামও রয়েছে। এতে সাংবাদিকদের নিরাপত্তা স্বাধীনতা ও পেশাগত মর্যাদা ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ রিয়াদুল জামাল, প্রতিষ্ঠাতা সভাপতি, BIRC ও সম্পাদক, দৈনিক যুগান্তর বাংলাদেশ; ডি.এম. মঈনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক, BIRC কেন্দ্রীয় কমিটি; মোঃ শাহজাহান বাশার, মোঃ মাছুম বিল্লাহ, ভারপ্রাপ্ত সম্পাদক, ক্রাইম এক্সপ্রেস ও সহ-সভাপতি, BIRC; মোজাম্মেল হক, সহ-সভাপতি, BIRC ও চিফ অপারেটিং অফিসার, দৈনিক মানবাধিকার প্রতিদিন; এবং জাহিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক, BIRC।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ গাজীপুর নরসিংদী, টাঙ্গাইল ও ঢাকার সাংবাদিক নেতৃবৃন্দ। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ ও শ্রীপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন এই মামলা সাংবাদিকতার স্বাধীনতাকে কলুষিত করেছে। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন শেষে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC) ঘোষণা দেয়। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সাংবাদিকদের কলমকে ভয় দেখিয়ে থামানো যাবে না এটাই গোটা সাংবাদিক সমাজের অঙ্গীকার।