
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর হামলা, চাঁদাবাজি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল আলিম বেপারী (৪৫), অবসরপ্রাপ্ত সার্জেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী, শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুল আলিম বেপারী দীর্ঘদিন ধরে যোগীরসিট এলাকার চেয়ারম্যান বাড়ী মোড়ে রড, সিমেন্ট, ইট ও বালির ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি গলদাপাড়া এলাকায় অবস্থিত ‘স্টিলমার্ক’ নামীয় একটি ফ্যাক্টরির সঙ্গে ইট ও বালু সরবরাহের চুক্তি করেন এবং নিয়মিত মালামাল সরবরাহ করছিলেন। ফ্যাক্টরির ব্যাবসাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। দাবিকৃত টাকা পরিশোধ না করলে ওই ফ্যাক্টরিতে তাকে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে—মোঃ মুমিন মেম্বার, মোঃ কামরুল সরকার, মোঃ মনির সরকার, মোঃ ফয়সাল সরকার, মোঃ আল-আমিন মাস্টার (সকলেই সাং- যোগীরসিট) এবং কামাল ডাকাত ও মোঃ হুরুল আমিনসহ এছাড়া অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।
অভিযোগ অনুযায়ী, ১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটে অভিযুক্তরা ফ্যাক্টরির সামনে গিয়ে আব্দুল আলিম বেপারীর কাছে সরাসরি ৩ লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ফ্যাক্টরির গেটে ফেলে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং ডান চোখের নিচে রক্তাক্ত জখম হয়। একই সঙ্গে তার পকেটে থাকা ব্যবসার নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শ্রীপুর থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।