
আব্দুল্লাহ বাশার কোটচাঁদপুরঃ কোটচাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। রবিবার পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ডে এ সমাবেশ করেন তারা।
জানা যায়, উপজেলার সাব- রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস সহ সকল সরকারি অফিসের দুর্নীতি, অনিয়ম দিন দিন বেড়েই চলেছে। যা উপজেলা প্রশাসনকে অবহিত করার পরও কোন ব্যবস্থা নেননি। এর প্রতিবাদে রবিবার কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডে ১২.২০ মিনিটের সময় শুরু হয় মানববন্ধন। যা চলে ঘন্টাব্যাপী। মানববন্ধন বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলার যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার অভিক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটচাঁদপুর উপজেলা শাখার সদস্য সচিব ফায়েজ আহম্মেদ অনিক,মহেশপুর উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হামিদুর রহমান রানা। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির শতাধিক নেতা কর্মী। এ সময় তারা উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের কথা তুলে ধরেন। তুলে ধরেন কোটচাঁদপুর সাব- রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, টিসিব, সহ উপজেলার সকল সরকারি অফিসের দুর্নীতি অনিমের কথাও।
বক্তারা অতিদ্রুত উপজেলার সকল অফিসের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিদের নিকট। আর যদি ব্যবস্থা না নেন তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ নাগরিক সমাজের সাথে সমন্বয় করে প্রশাসনের প্রতিটি সেক্টরে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে তারা রুখে দাড়াবেন। এরপরও কোন ফল না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটচাঁদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের সঙ্গে কথা বলতে মোবাইলে যোগাযোগ করা হয়। তবে কল রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।