
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনায় ৮ বছর বয়সী শিশু তানহাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ইব্রাহিম খলিল ওরফে শ্যামল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। অভিযুক্ত ইব্রাহিম খলিল শারীরিক প্রতিবন্ধী, সে গোবিন্দপুর ইউনিয়নের ব্রাক্ষণচর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ইব্রাহিম খলিল পেশায় একজন গৃহশিক্ষক এবং তার মেয়ে ভুক্তভোগী শিশু তানহার সহপাঠী।
গত ৮ জুলাই বিকেলে ভুক্তভোগী শিশুটি সহপাঠী তামিমের সাথে ইব্রাহিম খলিলের বাড়িতে প্রাইভেট পড়তে যায়।
ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় ইব্রাহিম খলিল কৌশলে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে কুপ্রস্তাব দেয় এবং শারীরিক নির্যাতনের চেষ্টা চালায়। শিশুটি দ্রুত কক্ষ থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে ফিরে তার পরিবারকে বিষয়টি জানায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভুক্তভোগী শিশুর বাবা মোঃ ইউনুস এ ঘটনায় তিনি অভিযুক্ত শ্যামলের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯ (৪) (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ ৯ জুলাই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।