জিএম মাকছুদুর রহমান: কুমিল্লা জেলার হোমনা থানার ভাষানিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এক প্রশংসনীয় ও উদাহরণযোগ্য উদ্যোগে সাজছে সবুজের নতুন বাগান। গ্রামের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে গ্রামবাসীর উদ্যোগে গ্রামের প্রধান রাস্তার দুই পাশে একযোগে রোপণ করা হয়েছে মোট ৪ শত সুপারি গাছ। রোপণ কার্যক্রমে ইসলামপুর গ্রামের তরুণ সমাজ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নজিরবিহীন সমন্বয় ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু যুবকরা নন, গ্রামের প্রবীণ ব্যক্তিরাও পাশে থেকে উৎসাহ যোগান এ অভিযানে। এ সময় স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উদ্যোগটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়, বরং কয়েক বছরের মধ্যে এ গাছগুলো অর্থনৈতিকভাবেও ফল দেবে, যা গ্রামবাসীর জন্য বাড়তি আয়ের উৎস হয়ে উঠতে পারে। পাশাপাশি রাস্তার দু’পাশজুড়ে সবুজ গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, “আমি প্রবাসে থেকেও গ্রামের মানুষের প্রতি দায়িত্ববোধ অনুভব করি। আমার এই ছোট প্রয়াস হয়তো অন্যদেরও অনুপ্রাণিত করবে গ্রামকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে।” স্থানীয় যুবকরা জানান, গাছগুলো যাতে ঠিকভাবে বেড়ে ওঠে সেজন্য তারা নিয়মিত পরিচর্যার দায়িত্ব নিজেরাই নেবেন। ইসলামপুর গ্রামে এই বৃক্ষরোপণ কার্যক্রম শুধু একটি সৌন্দর্য বর্ধন প্রকল্প নয়; এটি হয়ে উঠতে পারে সামাজিক ঐক্য, পরিবেশ সচেতনতা ও প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের গ্রামের প্রতি ভালোবাসার অনন্য প্রতীক। এই মহৎ প্রয়াস নিঃসন্দেহে দেশের অন্যান্য গ্রামেও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।