জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির নিচে পিষ্ট হয়ে মাত্র দুই বছরের শিশু ফাইজা আক্তার মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে ঘটে এ হৃদয়বিদারক দুর্ঘটনা।পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে মা–এর সঙ্গে উপজেলা চত্বরে আসে ছোট্ট ফাইজা। ঠিক সে সময় দ্রুতগতিতে ভিতরে প্রবেশ করছিল সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ি। মুহূর্তের মধ্যে গাড়িটি ফাইজাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।হঠাৎ চোখের সামনে সন্তানকে হারিয়ে অসহায় হয়ে পড়েন শিশুটির মা। তিনি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেল। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো উপজেলা চত্বরে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। ছোট্ট একটি প্রাণ এভাবে নিভে যাওয়ায় এলাকায় শোকের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার মান নিয়েও প্রশ্ন উঠেছে।