হাজী মু ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দেশব্যাপী একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এরই অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় ওই কেন্দ্রে মোট ৯৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কার্যক্রম চলাকালে কেন্দ্র পরিদর্শন ও পরিচালনা করেন আইইএস কুমিল্লা জেলা উত্তর শাখার উপদেষ্টা অধ্যাপক মোঃ আলমগীর সরকার, আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ইঞ্জি. শামীম সরকার এবং আইইএস কুমিল্লা জেলা উত্তরের উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান আতিকী।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক রুহুল আমিন খান, ভিপি গোলাম মোস্তফা সরকার, মোঃ নুরুল হুদা, মোঃ শরীফুল ইসলাম সরকার, মাওলানা রুহুল আমিন সরকার, ওয়ায়দুল্লাহ মাহমুদ এবং দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে এ ধরনের বৃত্তি পরীক্ষা অনন্য ভূমিকা পালন করে। এটি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। একটি নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নিয়মিত এ আয়োজন প্রশংসার দাবিদার। প্রতিবছর এই পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রমবর্ধমান অংশগ্রহণই এর জনপ্রিয়তা ও আস্থার প্রমাণ দেয়।
এদিকে পরীক্ষার সার্বিক আয়োজন সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করায় কেন্দ্র পরিচালনা কমিটি, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক সংস্থা।