গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক বিধবা নারী ও তার নাবালক দুই সন্তানকে স্বামীর সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা, মারধর, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ রাবেয়া আক্তার (৩৭) সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী শাহিদ সরকার প্রায় ২৬ দিন আগে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর তিনি দুই নাবালক পুত্র সন্তান নিয়ে শ্বশুরবাড়ির বসতভিটায় বসবাস করে আসছিলেন। কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকেই তার সতিনসহ সৎ সন্তান ও আত্মীয়স্বজনরা বিভিন্নভাবে তাকে ও তার সন্তানদের ভয়ভীতি দেখিয়ে আসছিল এবং স্বামীর জমি ও বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করে।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ওই শালিস চলাকালীন সময়েই বিবাদী শাহীন সরকারের নির্দেশে অন্যান্য বিবাদীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। একপর্যায়ে তারা জোরপূর্বক তার তিনটি গাভী ও একটি বাছুর টেনে-হিঁচড়ে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ভুক্তভোগী রাবেয়া আক্তার জানান, ঘটনার সময় বাধা দিলে বিবাদীরা তাকে ও তার নাবালক দুই সন্তানকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এতে তিনি ও তার সন্তানরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পরবর্তীতে নিরুপায় হয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে আইনগত সহায়তা গ্রহণের জন্য শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী ও প্রমাণ রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের নিকট অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, লুটকৃত গবাদিপশু উদ্ধার এবং তার ও তার সন্তানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।