'শ্রীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শ্রীপুর পৌর যুবদলের আয়োজনে শ্রীপুর বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই শোভাযাত্রা বের করা হয়।
পৌর যুবদলের আহ্বায়ক সেলিম আহমেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু তাহের প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, "আগামী দিনের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে রাজপথে থেকে দোসরদের মোকাবিলা করতে হবে।" প্রধান বক্তা আনোয়ার হোসেন বেপারী বলেন, "বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" শোভাযাত্রা ও আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীদের উৎসবমুখর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।