শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে পৈতৃক রেকর্ডীয় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি, জমি দখল ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ কামরুল হাসান আজাদ। শ্রীপুর সাংবাদিক কার্যালয়ে তিনি
লিখিত বক্তব্যে জানান, পৈতৃক জমি নিয়ে স্থানীয় মাহবুবুর রহমান কবির, আব্দুল লতিফ দুলাল ও মোঃ জামাল উদ্দিনসহ কয়েকজনের সাথে তাঁর বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে গত ২৯ আগস্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে গ্রাম শালিস অনুষ্ঠিত হয়। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ আগস্ট জমি পরিমাপের কথা থাকলেও প্রতিপক্ষ এতে বাধা দেয় এবং তাঁকে ও তাঁর পরিবারকে অশালীন ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।
অভিযোগে আরও বলা হয়, গত ৩১ আগস্ট বিরোধী পক্ষ উক্ত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ ও ফলজ গাছ কেটে ফেলে। পরবর্তীতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও প্রতিপক্ষ তা অমান্য করে। এমনকি ১ সেপ্টেম্বর কয়েকটি সংবাদমাধ্যমে মনগড়া সংবাদ পরিবেশন করিয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়। এসব অপপ্রচারের প্রতিকার চেয়ে গত ২ সেপ্টেম্বর তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৩৪) করেন।
উল্লেখ্য, কামরুল হাসান আজাদ ১৯৯১ সালে মাওনা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সালে তৃণমূলের ভোটে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
তিনি এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: এস. এম রফিকুল ইসলাম বাচ্চুসহ শ্রীপুরের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।