শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি বেআইনিভাবে জবরদখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং বাধা দিলে খুন-জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার। সোমবার শ্রীপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই (গলদাপাড়া) গ্রামের মৃত আঃ আজিজের ছেলে মোঃ ছাইফুল ইসলাম (৪৯)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাইফুল ইসলাম অভিযোগ করেন, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ধামলই মৌজাস্থিত সি.এস ১, এস.এ ১৭৩ এবং আর.এস ৭৩৫ খতিয়ানভুক্ত, যার সি.এস ও এস.এ ৭১৬ এবং আর.এস ৪০৫২ দাগের মোট ৫৭৮ শতাংশ সম্পত্তির মধ্যে তিনি এবং তাঁর ভাই-বোনেরা পৈতৃক সূত্রে ৩৫ শতাংশ সম্পত্তির মালিক। কিন্তু ১ নং বিবাদী একই গ্রামের মোঃ আতাব উদ্দিন (৫১) গং দীর্ঘ বছর ধরে তাঁদের উক্ত সম্পত্তি অবৈধভাবে জবরদখল করে রাখছেন।
তিনি জানান, একাধিকবার স্থানীয় শালিস-দরবারের মাধ্যমে জবরদখলকৃত জমি মেপে বুঝিয়ে দিতে বলা হলেও বিবাদীরা তা অমান্য করে এবং উল্টো তাঁদের প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে প্রতিকার চেয়ে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা (নং- ৩৩০/২৪) দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
অভিযোগকারী বলেন, আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ জারি হলেও আদালতের নির্দেশ অমান্য করে পেশী শক্তির জোরে গত ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার সময় ১ নং বিবাদী আতাব উদ্দিন ও ২ নং বিবাদী মোঃ আবুল কালামসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল নালিশী জমিতে অনাধিকার প্রবেশ করে স্থায়ী স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাইফুল ইসলাম অভিযোগ করেন, তারা স্থাপনা নির্মাণে বাধা দিতে গেলে বিবাদীরা তাঁদের জীবণনাশের ও খুন-জখমের হুমকি প্রদান করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। অনতিবিলম্বে পৈতৃক সম্পত্তি উদ্ধার, অবৈধ নির্মাণ কাজ বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও স্থানীয় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।