মোঃ ফরহাদঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার সুহাদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে রয়েছেন মো: বাতেন (৩০), মোছা: লাবনি (২০) এবং বৃদ্ধা আলিমন নেছা (৬৫)। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগকারী মো: আব্দুল রব জানান, বিবাদী মো: বাবুল হোসেন, মো: মাজাহারুল, মো: বিল্লাল হোসেন, মোছা: রাশিদা, মোছা: সাদিয়া ও মোছা: জেসমিন দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধে লিপ্ত। পূর্ব বিরোধের জেরে গত ৪ জুলাই সকাল ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় তার ছোট ভাই মো: বাতেন বাড়িতে কাজ করছিলেন। অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় বাতেনকে রক্ষা করতে গেলে কলেজপড়ুয়া মেয়ে লাবনি ও বৃদ্ধা মাতা আলিমন নেছাকেও মারধর করে আহত করা হয়।
৩ নম্বর বিবাদীর নির্দেশে ১ নম্বর বিবাদী লাঠির আঘাতে লাবনির মাথায় আঘাত করার চেষ্টা করলে সে হাত দিয়ে প্রতিহত করলে তার বাম হাতে গুরুতর জখম হয়। এছাড়া ২ নম্বর বিবাদী লাবনির গলা থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। একপর্যায়ে তার পোশাক ধরে টানা হেঁচড়া করে ছিঁড়ে ফেলায় শ্লীলতাহানির ঘটনাও ঘটে।
জখমিরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দেয়, কেউ আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলা হবে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর থানায় অভিযোগ দায়ের করা হয় বলে জানান অভিযোগকারী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।