শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুয়া তথ্য প্রচার, মানহানি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ কালাম মিয়া। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কেওয়া পূর্ব খণ্ড এলাকায় নিজ মার্কেটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ কালাম মিয়া (পিতা: মোঃ সবুজ উদ্দিন, সাং-কেওয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর) অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর, আপত্তিকর ও মানহানিকর পোস্ট ও ভিডিও সম্পাদনা (এডিট) করে প্রচার করা হচ্ছে। এতে তাঁর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, এসব ফেসবুক আইডি বা বিতর্কিত পোস্ট ও ভিডিওর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। কেউ তাঁর নাম বা পরিচয় ব্যবহার করে অপপ্রচার চালালে তার দায়ভার তিনি নেবেন না।
মোঃ কালাম মিয়া আরও জানান, এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তিনি ইতোমধ্যে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরির মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অপপ্রচারে জড়িত ফেসবুক আইডি ও পেজগুলো শনাক্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একইসঙ্গে তিনি ভবিষ্যতে যাতে কেউ তাঁর ছবি বা পরিচয় অপব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করে দেখার জন্য সর্বসাধারণ ও সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।