গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রুমান আহমেদ শেখ ও তার ভাই তামিম আহমেদ শেখ।
সোমবার (৫ অক্টোবর) ত্রিমোহনী বজুর ডালী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রুমান আহমেদ শেখ ও তামিম আহমেদ শেখ বলেন, নিজেদের জমি পরিষ্কার করতে যাওয়াকে কেন্দ্র করে নিতাই চন্দ্র বর্মন ও উত্ফল চন্দ্র বর্মনসহ কয়েকজনের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, প্রচারিত কিছু তথ্য বাস্তব ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে তাদের সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
সংবাদ সম্মেলনে রুমান আহমেদ শেখ বলেন, “আমরা কারও জমি দখল করিনি। নিতাই চন্দ্র বর্মন ও উত্ফল চন্দ্র বর্মন তাদের জমিতে আছেন এবং আমরাও আমাদের জমিতে আছি। আমরা নিজেদের জমিতে আগাছা পরিষ্কার করতে গিয়েছিলাম। এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।”
তারা আরও অভিযোগ করেন, যুবলীগ নেতা আরিফ আহমেদের নেতৃত্বে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
রুমান আহমেদ শেখ ও তামিম আহমেদ শেখ বলেন, বিষয়টি নিয়ে কোনো পক্ষের বক্তব্যের ভিত্তিতে একতরফা সিদ্ধান্ত না নিয়ে প্রকৃত ঘটনা যাচাই করা প্রয়োজন। তারা গণমাধ্যমকর্মীদের সরেজমিনে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং কেউ মিথ্যা তথ্য প্রচার করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।