নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে বেনাপোল পোর্ট এলাকায় বাড়ি নির্মাণ করতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন প্রবাসফেরত ব্যবসায়ী মো. হযরত আলী (৬৭)। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অস্ত্র নিয়ে হামলা, হত্যাচেষ্টা এবং জমি দখলের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। এ ঘটনায় আদালতে মামলা করেও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি নির্মাণের কাজ চলাকালে অভিযুক্ত ব্যক্তিরা পিস্তল, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হযরত আলীসহ কয়েকজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, দাবি করা ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং পরিবারের জমিজমা দখলের হুমকি দেওয়া হয়।এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে বেনাপোল পোর্ট আমলি আদালতে মামলা করেছেন হযরত আলী। তবে মামলা করার পরও অভিযুক্ত ব্যক্তিদের হুমকির কারণে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি তাঁদের।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।