নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে শার্শা উপজেলায় একজন গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম।নিহত আল আমিন (৩৮) উপজেলার গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক।
স্থানীয়দের কাছে খবর নিয়ে পুলিশ জানায়, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন আল আমিনের পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আল আমিনকে গুরুতর জখম করে পালিয়ে যায়।পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিদর্শক শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলেও জানান পুলিশ।