হাজী মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: মাদক কারবারিদের সমাজের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেছেন, “মাদক কারবারিরা শুধু ব্যবসার স্বার্থে তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে না, পুরো দেশের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। এদের কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। এদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বৃহস্পতিবার সকালে কুমিল্লার দেবিদ্বারে আয়োজিত এক মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সবাই মিলে রুখবো মাদক, গড়বো সুস্থ সমাজ’—এই অঙ্গীকার নিয়ে আবেদা মান্নান ফাউন্ডেশনের উদ্যোগ ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় রাজামেহার উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অশোক বিক্রম চাকমা আরও বলেন, আজকের কিশোরদের মাদকাসক্তি কেবল একটি ব্যক্তিগত অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; এটি অপরাধ জগতের প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। ধূমপান বা বিড়ি-সিগারেটের কৌতূহল থেকে পা বাড়িয়ে পরবর্তীতে চড়া দাম মেটাতে তারা ছিনতাই, চাঁদাবাজি ও চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ে ‘কিশোর গ্যাং’ গড়ে তুলছে। এই বিপজ্জনক চক্র থেকে সন্তানদের রক্ষা করতে কেবল শাস্তি নয়; ভালোবাসা, চিকিৎসা ও মানসিক কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। কিশোর গ্যাং ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে পরিবার ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাদক একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এর বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দিয়ে তিনি ঘরে ঘরে প্রথম প্রতিরোধ গড়ে তোলা এবং পুলিশের কাজে সঠিক তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।
আবেদা মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ও জুবায়ের ইবনে মামুন।
আলোচনা সভার আগে বেলা সাড়ে ১১টায় রাজামেহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে