জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানান, প্রাথমিক সহকারী শিক্ষকদের তিনটি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাস্তবায়ন পরিষদ ও সংগঠন ঐক্য পরিষদের আন্দোলন অব্যাহত থাকলেও, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাময়িক বিরতি নেওয়া হচ্ছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার থেকে বার্ষিক পরীক্ষাসহ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নির্বিঘ্নে চলতে দেওয়ার জন্য সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি স্থগিত থাকবে। পরীক্ষা শেষ হওয়ার পর আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করা হবে আলোচনার মাধ্যমে। এরই মধ্যে কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থান নেয় এবং বৃহস্পতিবার শিক্ষক নেতাসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষককে ‘প্রশাসনিক কারণে’ বদলি করে। এ অবস্থায় শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করেই তারা আন্দোলনের কর্মসূচি আপাতত স্থগিত করেছেন।