নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন অঙ্গনের পরিচিত মুখ মুন্না আর নেই। বুধবার (১১ মার্চ) ভোরে ঢাকার আরামবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার এই মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে দাবি করছে পরিবার।
নিহত মুন্না এক সময় যশোরের স্থানীয় দৈনিক 'গ্রামের কাগজ'-এর কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। গত কয়েক বছর ধরে তিনি ঢাকার আরামবাগে একটি কম্পিউটার ডিজাইন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোরে আরামবাগের বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মুন্নার মরদেহ পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিদায়ী স্ট্যাটাস দিয়েছিলেন।যশোরে অবস্থানরত মুন্নার পিতা জানান, আজ ভোরে সেহরির সময়ও মুন্না ফোনে তার মায়ের সাথে অত্যন্ত স্বাভাবিকভাবে কথা বলেছেন। আগামী শনিবার তার যশোরে ফেরার কথা ছিল। সেহরির সময় যার আচরণ স্বাভাবিক ছিল, হঠাৎ করে ভোরে তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। পরিবারের দাবি, এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা রহস্য থাকতে পারে।