মোঃ ইয়াছিন আরাফাত, সিনিয়র রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (০৬ এপ্রিল ২০২৬) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রথমে একটি দুই ভাট্টি বিশিষ্ট চুন ফ্যাক্টরি ও পাশের আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট স্থাপনাটি বাণিজ্যিক শ্রেণির গ্রাহক হিসেবে প্রায় ৪,০০০ ঘনফুট প্রতি ঘণ্টা লোডে গ্যাস ব্যবহার করছিল বলে জানা যায়। একই স্থানে আবাসিক শ্রেণির নামে অবৈধভাবে সংযোগ নেওয়ার অভিযোগও পাওয়া যায়। এ সময় প্রায় ১০০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পৃথক দুটি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দ্বিতীয় ঘটনায় চার ভাট্টি বিশিষ্ট আরেকটি চুন ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৮,০০০ ঘনফুট প্রতি ঘণ্টা লোডে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানায়। অভিযানে অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসেই কেটে দেওয়া হয়। এক্সকাভেটর ও ফায়ার সার্ভিসের সহায়তায় চুনের সব ভাট্টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুনিম সোহানা। সার্বিক সমন্বয়ে ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।