জিএম মাকছুদুর রহমান,সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবৈধ দালালচক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান নিজ হাতে হাসপাতালের স্বীকৃত দালাল আক্তার হোসেন (৩০)-কে হাতেনাতে আটক করেন। ডা. মহিবুস সালাম খান দ্রুততার সঙ্গে ঘটনাস্থল নিয়ন্ত্রণে এনে দালাল আক্তার হোসেনকে তালাবদ্ধ অবস্থায় রাখেন এবং দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম-কে-কে বিষয়টি জানান। খবর পেয়ে ইউএনও রাকিবুল ইসলাম তড়িৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি হাসপাতালের স্বীকৃত দালাল আক্তার হোসেনকে দালালি ও রোগীদের হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত করে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর দালালকে কড়া পুলিশি প্রহরায় আটক করে কারাগারে পাঠানো হয়। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। সাধারণ মানুষ মনে করছে, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এমন উদ্যোগে দালালচক্রের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে এবং রোগীরা সেবা পাবেন হয়রানিমুক্তভাবে।