মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর)জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে খালে পড়ে আবুল হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন উপজেলার পোনরা গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বালুবাহী একটি ট্রাক্টর গজারিয়া পশ্চিমপাড়া এলাকা দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে দিক পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাশের একটি খালে উল্টে যায়। এসময় ট্রাক্টরে থাকা একজন দ্রুত লাফিয়ে নামতে পারলেও চালক আবুল হোসেন ট্রাক্টরের নিচে চাপা পড়েন। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আমজাদ হোসাইন জানান, ট্রাক্টরটি মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়েছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, "ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭টায় মরদেহটি উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"