জিএম মাকছুদুর রহমানঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদরের পুরাতন বাজারে অবস্থিত উপজেলা ও পৌর যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। প্রধান মেহমান ছিলেন কুমিল্লা উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুফতি শাহ মোঃ সুলতান মাহমুদ। সভায় মাওলানা মোঃ নুরুল ইসলামকে আহ্বায়ক এবং হাফেজ মাওলানা মোঃ আরিফ হোসেন গাজীকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট দেবিদ্বার উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, সদস্য সচিব কুমিল্লা উত্তর জেলা ওলামা দল; মোঃ গিয়াস উদ্দিন, আহ্বায়ক দেবিদ্বার উপজেলা বিএনপি; মাওলানা মোঃ তাজুল ইসলাম, আহ্বায়ক চান্দিনা উপজেলা ওলামা দল; মাওলানা ফয়জুল্লাহ হেলালী, চান্দিনা পৌর ওলামা দল; উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউসার মোল্লা; পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ সরকার; সদস্য সচিব আব্দুল আলিম পাঠান, মীর হোসেন; পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু মুসা সরকার; পৌর যুবদলের সদস্য সচিব মফিজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। সভায় বক্তারা বলেন, বিএনপি’র নতুন অঙ্গসংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলকে প্রতিটি কর্মসূচি ও কার্যক্রমে যথাযথ মূল্যায়ন করতে হবে। তারা আরও বলেন, ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায়বিচারের ধর্ম। জনগণ ইসলামি মূল্যবোধের ভিত্তিতে বিএনপির প্রতি আস্থা ফিরিয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। বক্তারা উল্লেখ করেন, আজকের এই চ্যালেঞ্জিং সময়ে ইসলামের আদর্শ ও নৈতিকতাকে সামনে রেখে রাজনীতিকে পরিচালনা করা জরুরি। সমাজে নৈতিক অবক্ষয় রোধ করতে হলে ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। ওলামা দল সেই দায়িত্ব পালনে সবসময় অগ্রণী ভূমিকা রাখবে। তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ওলামা সমাজের অবদান অনস্বীকার্য। তাই ওলামা দলকে শক্তিশালী করতে হলে প্রত্যেক কর্মীকে ত্যাগ, সাহস ও দায়িত্ববোধ নিয়ে মাঠে নামতে হবে। এসময় বক্তারা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ইসলামি মূল্যবোধকে সামনে রেখে জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।