আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ জনস্বাস্থ্যের হুমকি ও পশুর সুরক্ষা উপেক্ষা করে বাছুরসহ গাভী জবাই করে মাংস বিক্রির দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা ও মাংস জব্দ করে মাটি চাপা দিয়ে নষ্ট করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২ মে) সকালে উপজেলার সাফদারপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাফদারপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।স সময় মো. ফজলুর রহমান নামে এক মাংস ব্যবসায়ী আইন ও মানবিকতা বিসর্জন দিয়ে ভ্রুণসহ (বাছুর) একটি পশু জবাই করেছেন। পশুর মাংসের মান নিয়েও গুরুতর অসংগতি পরিলক্ষিত হয়।
তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১’-এর ২৪ ধারায় অভিযুক্ত ব্যবসায়ীকে ১৫,০০০ (পনের হাজার) টাকা নগদ জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন জব্দকৃত প্রায় ২৫ কেজি অস্বাস্থ্যকর ও অবৈধ মাংস জননিরাপত্তার স্বার্থে জনসম্মুখে গর্ত করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। প্রশাসনের এই কঠোর অবস্থানে অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সোহেল রানা বলেন
"জনস্বাস্থ্য রক্ষা এবং পশুর সুরক্ষা নিশ্চিত করতে আমরা আপসহীন। বাছুরসহ পশু জবাই করা কেবল আইনত দণ্ডনীয় অপরাধই নয়, বরং চরম অমানবিকতা। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে আমাদের এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।" সাফদারপুর বাজারে প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ ক্রেতাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে কিছু অসাধু সিন্ডিকেট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অসুস্থ ও নিয়মবহির্ভূত পশু জবাই করে আসছিল। আজকের এই অভিযানের ফলে বাজারে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।