এ আর সাইফুল ইসলামঃ ঢাকা মহানগরী হকার ঐক্য পরিষদের উদ্যোগে হকার উচ্ছেদ কার্যক্রমের প্রতিবাদ ও পুনর্বাসন নিশ্চিতকরণের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১৩ এপ্রিল ২০২৬ তারিখে প্রদত্ত এই স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় যে, সাম্প্রতিক হকার উচ্ছেদ কার্যক্রমের ফলে বিপুল সংখ্যক হকার তাদের একমাত্র জীবিকার উৎস হারিয়ে চরম মানবেতর অবস্থার মধ্যে পড়েছে, যা গভীর উদ্বেগজনক।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বিপুলসংখ্যক হকার দীর্ঘদিন ধরে ফুটপাতভিত্তিক ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। যথাযথ পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা গ্রহণ ব্যতিরেকে তাদের উচ্ছেদ করা অমানবিক এবং সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
হকার নেতৃবৃন্দ তাদের দাবিসমূহের মধ্যে উল্লেখ করেন— উচ্ছেদকৃত হকারদের পুনরায় বসার ব্যবস্থা, পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখা, দমন-পীড়ন ও হয়রানি বন্ধ, সিটি কর্পোরেশনের মাধ্যমে আইডি কার্ড প্রদান, নির্ধারিত নীতিমালার ভিত্তিতে ব্যবসা পরিচালনার সুযোগ এবং সকল প্রকার চাঁদাবাজি বন্ধের দাবি।
ঢাকা মহানগরী হকার ঐক্য পরিষদের সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান স্মারকলিপিতে স্বাক্ষর করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সংগঠনটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।