বিশেষ প্রতিনিধি: এ আর সাইফুল ইসলাম: জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের মধ্যে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে ঘোষণার জন্য নির্ধারিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)–তে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বেলা ২টার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি জানানো হয়।
জামায়াতের প্রচার বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান,
“আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দলের ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।”
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার লক্ষ্যে রাজধানীর আইডিইবি মুক্তিযোদ্ধা হলে বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আমন্ত্রণপত্র অনুযায়ী, ওই সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল। তবে ঘোষণার কয়েক ঘণ্টা আগেই অনুষ্ঠানটি স্থগিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন সমঝোতা নিয়ে জোটের ভেতর শেষ মুহূর্তের সমন্বয় জটিলতা কিংবা কৌশলগত সিদ্ধান্ত থেকেই এই স্থগিতাদেশ আসতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।