চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল পৌরসভার ধামালিয়া মৌজায় মারকাজ মসজিদের দক্ষিণে সড়ক ও জনপদ বিভাগের মেইন সড়ক হতে দক্ষিণ দিকে জেলা পরিষদের খালের দক্ষিণ পাড় থেকে তাহের মুন্সীর দোকান পর্যন্ত এক কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে আসছে। সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তার প্রসস্থতা ১৪ ফুট হলেও বাঁধানো হয়েছে ৭ ফুট। গত কয়েকদিন আগে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে রাস্তাটির প্রায় ১৫০ ফুট লম্বা রাস্তার দুই পাশে ৩/৪ ফুট কেটে চলাচলের অযোগ্য করে ফেলেছে। ফলে এখন রাস্তাটি দিয়ে রিক্সা সহ যানবাহন চলাচল করতে পারে না। ভেকু মেশিন দিয়ে পাশর্^বর্তী জমিতে মাটি নিয়ে বাড়ি/ভিটি বাঁধানো হয়। বর্তমানে রাস্তাটি দিয়ে জনগন মালামাল বহন করার অযোগ্য হয়ে পড়েছে।
জনগুরুত্বপূর্ণ এই রাস্তার দুই পাশের বসবাসকারীদের পক্ষ থেকে গত সোমবার বিকেলে মোঃ বেলায়েত হোসেন, আবদুল রহিম, আমেনা বেগম, মোঃ ইব্রাহিম, মোহন সহ পাঁচজন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং রাস্তাটি জনগণের চলাচলের জন্য দ্রæত সংস্কার করা হবে।