মোঃ ফরহাদ,গাজীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গাজীপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুর ২ঘটিকায় তিনি শ্রীপুরের সহকারী রিটার্নিং অফিসার সজীব আহমেদের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন।
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এহসানুল হক,
ইসলামী ঐক্যজোট মনোনীত পদপ্রার্থী মুফতি শামীম আহমেদ,বাংলাদেশ ইসলামী আন্দোলন হাফেজ মাওলানা আলমগীর হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ আশিকুল ইসলাম পিয়াল মনোনয়ন পত্র জমা দিয়েছেন,মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এ সময় কার্যালয় প্রাঙ্গণে একটি শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র দাখিলের সময় ড. জাহাঙ্গীর আলমের সঙ্গে এনসিপি
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ড. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, বাংলাদেশে বর্তমানে যে আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, জামায়াতে ইসলামী সেই ঐক্যকে ধারণ করেই আগামীর রাজনৈতিক পথচলায় এগিয়ে যেতে চায়। তিনি বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা পূরণে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হলে দেশ ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্রের দিকে অগ্রসর হতে পারবে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে
তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়েই দেশের রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব এবং আগামীর বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে-এমন বিশ্বাস থেকেই জামায়াতে ইসলামী নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে।