স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে মাওনা উত্তরপাড়া (আউয়ালের মোড়) এলাকায় এক দুর্ধর্ষ ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) বিকেলে বাড়ির গেটের সামনে অবস্থানকালে মোছাঃ রাহেলা (৬০) নামে এক বৃদ্ধার ওপর এই বর্বরোচিত হামলা চালায় চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারীরা। হামলায় বৃদ্ধার দুইটি দাঁত ভেঙে যায় এবং নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করা হয়।
ঘটনার বিবরণ: ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে মোছাঃ রাহেলা নিজ বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় স্থানীয় চিহ্নিত মাদকসেবী মোঃ জনি (২২) ও মোঃ ভুট্টু (২৯) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা বৃদ্ধার নাকে থাকা আনুমানিক ৬ হাজার টাকা মূল্যের স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। এসময় বাধা দিতে গেলে জনি তার হাতে থাকা লোহার রড দিয়ে বৃদ্ধার মুখে সজোরে আঘাত করে। এতে তার সামনের মাড়ির দুইটি দাঁত ভেঙে রক্তাক্ত জখম হয়। এই সুযোগে মোঃ ভুট্টো বৃদ্ধার কাছে থাকা নগদ ১৬,৫০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি: ভুক্তভোগীর চিৎকার শুনে তার স্বামী শামসুল হক, ছেলে শান্ত, শাহ আলম ও নাতি শরীফ হোসেনসহ পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারপিট করে জখম করে। পরবর্তীতে আশেপাশের লোকজন জড়ো হতে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়। পালানোর সময় তারা ভুক্তভোগী ও তার পরিবারকে আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ ঘটনায় মোছাঃ রাহেলা বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তদের এলাকায় দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।