গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে পিতা–পুত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মো. জসিম উদ্দিন দুলদুল (৬০) ও তাঁর ছেলে মো. শাহীন।
আহত জসিম উদ্দিন বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তিনি শুক্রবার (১৮ অক্টোবর) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে জসিম উদ্দিনের সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত আটটার দিকে আলোচনার জন্য স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে এক পক্ষের বাড়ির সামনে কাগজপত্র নিয়ে বসেন তাঁরা। কথাবার্তার একপর্যায়ে অপর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করে। পরে রাত সাড়ে আটটার দিকে তারা ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে জসিম উদ্দিন ও তাঁর ছেলের ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, তৈহিদ নামে এক ব্যক্তি জসিম উদ্দিনের মাথায় ধারালো রামদা দিয়ে কোপ মারেন। তাঁর ছেলে শাহীনকেও একইভাবে কুপিয়ে জখম করা হয়। এ সময় আরও কয়েকজন লাঠি ও রড দিয়ে পেটান এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ আছে। হামলাকারীরা জসিম উদ্দিনের পাঞ্জাবির পকেটে থাকা ৬২০০ টাকা ছিনিয়ে নেয় বলেও তিনি দাবি করেছেন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করে নেন।
ঘটনার পর হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে দাবি করেছেন জসিম উদ্দিন। তিনি ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’