মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে থানায় মামলা করেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রাম থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।
ভুক্তভোগী (১৩) স্থানীয় আয়েশা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার মো. আরিফুল ইসলাম আরিফ (৩০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. কামাল হোসেনের ছেলে।
ভুক্তভোগীর দাদা জানান, আয়েশা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর সহকারী শিক্ষক আরিফুল ইসলাম আরিফ কৌশলে গত ২৮ জুন ছাত্রীকে প্রাইভেট পড়ানোর কথা বলে ডেকে নিয়ে একটি মাদ্রাসার কক্ষে ধর্ষণ করেন। বিষয়টি দুদিন পর স্বজনদের জানায় ভুক্তভোগী। পরে গতকাল বুধবার এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বুধবার ভুক্তভোগী কিশোরী ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে গ্রেপ্তার স্কুল শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।