আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সি আর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক নারী ও পাঁচ মাদকসেবী মোট ছয়জনকে আটক করে পুলিশ। পরে পাঁচ মাদকসেবীকে মোবাইল কোর্টে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানান, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কোটচাঁদপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারি পরোয়ানা তামিলে নিয়মিত অভিযান চলছিলো। তারই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর এএসআই আনন্দ কুমার সাহা পুলিশের একটি চৌকস দল নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাঃ হোসনেয়ারা খাতুনকে তাঁর নিজ বাড়ি ছলেমানপুর সর্দার পাড়া থেকে আটক করেন।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অপর অপর একটি দল মেইন বাজারে পরিত্যক্ত কলেজ হোস্টেল এলাকায় অভিযান চালিয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট ও নেশাগ্রস্ত অবস্থায় পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন—কালীগঞ্জের রাখালগাছি এলাকার মো, রাসেল (২৪), কোটচাঁদপুরের সলেমানপুর এলাকার মো, লিটন (৩২), যশোরের চৌগাছার স্বরুপপুর এলাকার মো, আল আমিন (২৩), সলেমানপুর এলাকার রতন দাস (৫৮) এবং সুমন মির্জা (৩৫)কে
আটকের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো, সোহেল রানা'র আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা খাতুনকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।