মো. মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে নিয়মিত টহল ও অভিযান পরিচালনার অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে কামারখাঁ জোড়া ব্রিজ এলাকায় মালিকবিহীন একটি মিনি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—৯০১টি ভারতীয় উন্নত মানের শাড়ি, ১ হাজার ৪৯৭টি মোবাইল ফোনের ডিসপ্লে, একটি মিনি কাভার্ড ভ্যান। সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে এক কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা। লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার কারণে এসব অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। জব্দকৃত পণ্য শিগগিরই কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে